ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজমুল হোসাইন মাহি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাংবাদিক, প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ—সবাই মিলেমিশে কাজ করলে সাতক্ষীরাকে একটি আদর্শ ও মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জি. এম. মনিরুল ইসলাম মিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী।
জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার তার বক্তব্যে বলেন, “প্রশাসন ও সাংবাদিকদের কাজের ধরন অনেকটাই পরিপূরক। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাতক্ষীরা প্রেসক্লাবকে আরও গতিশীল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিক, শিক্ষক, আমলা ও রাজনীতিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিলটি একটি মিলনমেলায় পরিণত হয়। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ