ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের নয়ানদীর পাড় এলাকায় সরকারি রেকর্ডভুক্ত রাস্তা উদ্ধারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) সকালে সীমানা নির্ধারণের সময় ঘটে যাওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, নয়ানদীর পাড় এলাকায় একটি সরকারি রাস্তা দীর্ঘ দিন ধরে প্রভাবশালী একটি পক্ষ দখল করে রেখেছিল। ভুক্তভোগী শাহজাদা মিয়ার আবেদনের প্রেক্ষিতে পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদ রাস্তাটি উদ্ধারের উদ্যোগ নেয়। সোমবার সকালে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতিতে সীমানা নির্ধারণের কাজ শুরু হলে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাহজাদা মিয়ার পক্ষের ৪ জন এবং প্রতিপক্ষ ফেরদৌস আলম ফুলার গ্রুপের ৩ জন আহত হন।
ভুক্তভোগী পক্ষের নুর হোসেন ও শাহ আলম অভিযোগ করেন, আলোচনা চলাকালে প্রতিপক্ষের উস্কানিতে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে শাহাজাদা মিয়া (৫৫), ওমর ফারুক (১৭), সবজা বেগম (৫৫) ও মৌসুমি বেগম (২৩) গুরুতর আহত হন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ফেরদৌস আলম ফুলার দাবি করেন, গত ৬৫ বছর ধরে সেখানে কোনো রাস্তা ছিল না। প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে গণ্ডগোল পাকিয়ে তাদের পক্ষের মাহাফুজার (২২), মাসুদ (২৪) ও ফজলুর রহমানকে (৫০) পিটিয়ে আহত করেছে।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় উভয় পক্ষকে থানায় তলব করা হয়েছে। কোনো পক্ষ পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ