কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ-লাবিব

কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ-লাবিব

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের অন্যতম সক্রিয় সংগঠন ‘আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটি’-র পঞ্চম কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোফাজ্জল হোসাইন মুজাহিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ২০২০-২১ শিক্ষাবর্ষের মোঃ লাবিব রহমান নির্বাচিত হয়েছেন।

সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০১ নং কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেল ৩টায় নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক নাবিল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ ফেরদৌস জিদনী, কোষাধ্যক্ষ ইউনুস সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছরিন জাহান নীলা এবং আইটি সম্পাদক জুবায়ের হাসান রাফাত। এছাড়াও ক্রীড়া সম্পাদক এনামুল হক শোয়াইব, শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক আসমা আক্তার স্বর্না, ভাষা সম্পাদক মোহাম্মদ আরিফ ইসলাম, বিতর্ক সম্পাদক সূচনা আক্তার এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আফরিন আলম অথৈ, লামিয়া আক্তার, আশিক ইসলাম, পার্থ মন্ডল ও আরাফাত ইসলাম জয়লাভ করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সংগঠনের ১৬টি পদের বিপরীতে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিতর্ক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৫টি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে ৭ জন এবং বাকি প্রতিটি পদে ২ জন করে প্রার্থী লড়াই করেন।

নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও বিভাগের সহকারী অধ্যাপক মোতাসিম বিল্লাহ্ বলেন, “শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। আশা করি, নবনির্বাচিত কমিটি বিভাগের সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।”

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, “একটি বিভাগের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সৃজনশীল চর্চা অপরিহার্য। এই কমিটি সংগঠনের মর্যাদা সমুন্নত রাখবে বলে আমার বিশ্বাস।”

নবনির্বাচিত ভিপি মোফাজ্জল হোসেন মুজাহিদ তার প্রতিক্রিয়ায় বলেন, “বিভাগের সকল শিক্ষার্থীর প্রতি আমি কৃতজ্ঞ। সবার সম্মিলিত প্রচেষ্টায় আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটিকে একটি কার্যকর ও সৃজনশীল সংগঠনে রূপান্তর করতে আমি নিরলসভাবে কাজ করে যাবো।”

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন