ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং জায়গাও নির্ধারণ করা হয়েছে। এই মেডিকেল কলেজ বাস্তবায়িত হলে বর্তমান ২৫০ শয্যার জেনারেল হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে। রোববার (১ মার্চ) সকাল ৯টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, "আমরা হাসপাতালটি পরিষ্কার-পরিচ্ছন্ন দেখেছি। স্বাস্থ্যসেবার মান আরও কীভাবে উন্নত করা যায়, তা নিয়ে আমরা ভাবছি। মেডিকেল কলেজটি চালু হলে এই এলাকার মানুষ আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা পাবে। আমরা এ বিষয়ে সবসময় সজাগ থাকব।"
পরিদর্শন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল সুপার ও সিভিল সার্জনকে স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রয়োজনীয় চাহিদাপত্র দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, "সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে দ্রুত আরও একটি নতুন লিফটের ব্যবস্থা করে দেওয়া হবে।"
তিনি আরও বলেন, "আমাদের সীমিত সম্পদ দিয়ে সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করতে হবে। যারা দীর্ঘদিন ধরে এই হাসপাতালে কর্মরত আছেন, তাদের পদোন্নতি বা অন্যান্য প্রশাসনিক বিষয়গুলোও দ্রুত বিবেচনা করা হচ্ছে।" পরিদর্শনকালে হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ