গাজীপুরে কিশোরকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

গাজীপুরে কিশোরকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে এক অজ্ঞাত কিশোরকে (১৮) শ্বাসরোধে হত্যার পর তার মরদেহে আগুন ধরিয়ে দেওয়ার নৃশংস ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকার এমসি বাজার-সাতখামাইর আঞ্চলিক সড়কের বৃন্দাবন নামক স্থান থেকে পুলিশ আগুনে পোড়া ওই মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সড়কের পাশে গজারি বনের ধারে আগুনে পোড়া একটি দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত ৩টা থেকে শনিবার ভোর ৭টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা কিশোরটিকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। নিহতের গলায় রশি বাঁধা ছিল এবং জিহ্বা বের হওয়া অবস্থায় পাওয়া গেছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

গ্রাম পুলিশ সদস্য শরীফ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান এবং শ্রীপুর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, "প্রাথমিকভাবে মনে হচ্ছে কিশোরটিকে অন্য কোথাও হত্যার পর এই নির্জন স্থানে এনে প্রমাণ লোপাটের জন্য মরদেহে আগুন দেওয়া হয়েছে। ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। আমরা হত্যাকাণ্ডের মোটিভ ও নিহতের পরিচয় উদ্ঘাটনে কাজ করছি।"

পুলিশ আরও জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন