ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের বিস্তীর্ণ মাঠ এখন সূর্যমুখী ফুলের হলুদ আভায় ভরে উঠেছে। চলতি মৌসুমে উপজেলায় ব্যাপক হারে সূর্যমুখী চাষ করে অধিক লাভের স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা। সবুজ পাতার বুক চিরে মাথা উঁচু করে দাঁড়ানো বড় বড় হলুদ ফুলগুলো যেমন প্রকৃতির সৌন্দর্য বাড়াচ্ছে, তেমনি এটি কৃষকদের মাঝে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি অধিদপ্তরের তৈলবীজ উৎপাদন প্রকল্পের আওতায় প্রণোদনা নিয়ে কৃষকরা এই চাষাবাদ শুরু করেছেন। মূলত ভোজ্যতেল উৎপাদনের লক্ষ্যেই এই ফুলের চাষ করা হয়, যা থেকে উৎপাদিত খৈল উন্নতমানের গো-খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। উপজেলার বড় ধুনাইল ও বিন্যাদাইর গ্রামের পতিত জমিতে এখন শত শত সূর্যমুখী ফুল শোভা পাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, দৃষ্টিনন্দন এই ফুলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন। তবে দর্শনার্থীদের অবাধ যাতায়াতে কিছুটা বিড়ম্বনায় পড়ছেন কৃষকরা। কৃষক আলমাছ আলী জানান, অনেকে শখ করে ছবি তুলতে গিয়ে গাছ ভেঙে ফেলছেন বা ফুল ছিঁড়ে নিচ্ছেন, যা ফসলের ক্ষতি করছে। অন্যদিকে, শাহজাদপুর থেকে আসা কলেজ ছাত্র সেলিম জানান, বন্ধুদের সাথে এই নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ বছর উপজেলায় মোট ৬ হেক্টর জমিতে সূর্যমুখী চাষাবাদ হয়েছে। তিনি বলেন, "এটি যেমন অর্থকরী ফসল, তেমনি পর্যটনের একটি ক্ষেত্রও তৈরি করেছে। আমরা প্রণোদনার মাধ্যমে ২০ জন কৃষককে বীজ ও সার দিয়েছি এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন। ফলন ভালো হওয়ায় আশা করছি আগামী বছর এই আবাদ আরও বৃদ্ধি পাবে।"
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ