ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় বি-ব্রাদার্স গ্রুপের কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
কারখানার শ্রমিকদের অভিযোগ, বি-ব্রাদার্স গ্রুপে প্রায় দুই হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত আছেন। তাদের ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। বারবার বেতন পরিশোধের দাবি জানানো হলেও মালিকপক্ষ শুধু আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। উল্টো প্রতিবাদী শ্রমিকদের ওপর নির্যাতন ও ছাঁটাই করা হচ্ছে বলে তারা দাবি করেন।
বিক্ষোভের সূত্রপাত হয় শনিবার সকাল ৮টায়, যখন শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তারা মহাসড়কে অবস্থান নেন। এতে ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে কয়েক দফা সমঝোতা বৈঠক হলেও বকেয়া বেতন ও ছাঁটাই বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় দুপুর পর্যন্ত অবরোধ অব্যাহত থাকে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, "আমরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।"
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ