ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ফরহাদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার দক্ষিণ রামগোপালপুর এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে দক্ষিণ রামগোপালপুর বায়তুল আমান জামে মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. নাছির উদ্দিন বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহতরা হলেন—দক্ষিণ রামগোপালপুর এলাকার মৃত আব্দুল হাশেমের ছেলে মো. নাছির উদ্দিন (৫৫) ও তার ভাই মো. বাবুল (৫৮)। বর্তমানে তারা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে নাছির উদ্দিনের সাথে প্রতিবেশী মো. বারেক গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক ওই সম্পত্তি দখলের চেষ্টা করে আসছিল। শনিবার জোহরের নামাজ শেষে বায়তুল আমান জামে মসজিদ থেকে দুই ভাই বের হওয়ার সময় প্রতিপক্ষরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, "মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ