ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী: ফেনী শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. ফাহিম (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে ফাহিম ও তার এক বন্ধু শহরের ‘আবদুল খালেক অ্যান্ড সন্স’ ফিলিং স্টেশনে তেল নিতে যান। লাইনে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে আসা অন্য একটি মোটরসাইকেল ফাহিমের গাড়িতে ধাক্কা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে তাদের সরিয়ে দেয়।
প্রাথমিক ঘটনার ১০-১৫ মিনিট পর হাসপাতাল মোড়ের একটি মিষ্টির দোকানের সামনে দুই পক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষরা ফাহিমের মাথায় হেলমেট দিয়ে উপর্যুপরি আঘাত করলে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত ফাহিম দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা। তার মা কহিনুর বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার ছেলে ইন্টার্নশিপের সার্টিফিকেট আনতে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। তুচ্ছ ঘটনায় যারা আমার ছেলেকে এভাবে মেরেছে, আমি তাদের বিচার চাই।"
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাঈদুল ইসলাম (২৬) নামে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ