ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। রোববার (২৬ এপ্রিল) ভোরে ঢাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাঁকে রাজধানীর পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জোহরের নামাজের পর মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ মাগরিব রাজধানীর নাজিমুদ্দিন রোড কবিরাজ জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
গোলাম সারোয়ার মিলন ১৯৮১-৮২ মেয়াদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ভাসানী-ন্যাপ সমর্থিত বাম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রদলে যুক্ত ছিলেন। পরবর্তীতে ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে প্রেসিডিয়াম সদস্য মনোনীত হন এবং তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি হুসেইন মুহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক পরিক্রমায় তিনি ২০০৭ সালে প্রগতিশীল গণতান্ত্রিক দলে (পিডিপি) এবং পরবর্তীতে আবারও জাতীয় পার্টিতে ফিরে আসেন। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তিনি বিকল্পধারা বাংলাদেশে যোগ দিয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ