ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় তাদের আবারও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। রবিবার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল শুনানিতে বলেন, এই হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। দীর্ঘ ১৩ বছরেও চার্জশিট দিতে না পারা বেদনাদায়ক হলেও তদন্ত সম্পন্ন করতে আরও ছয় মাস সময় প্রয়োজন। অন্যদিকে, রিটের পক্ষে শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ ও মোহাম্মদ শিশির মনির রাষ্ট্রপক্ষকে তিন মাস সময় দেওয়ার অনুরোধ করলেও আদালত শেষ পর্যন্ত ছয় মাস সময় মঞ্জুর করেন। আইনজীবী শিশির মনির তার প্রতিক্রিয়ায় তদন্তের দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, "যাদের জিজ্ঞাসা করা প্রয়োজন তাদের অনেককে পাওয়া যাচ্ছে না। তদন্তই শেষ হয় না, বিচার হবে কবে?"
এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট এই মামলা থেকে র্যাবকে সরিয়ে দিয়ে পিবিআই প্রধানের নেতৃত্বে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকে কয়েক দফায় সময় বাড়ানো হলেও প্রতিবেদন দাখিল সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এই ঘটনায় রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেছিলেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পার হলেও এখনো এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ