পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প

পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের পরিকল্পিত ইসলামাবাদ সফর হঠাৎ বাতিল করেছেন। এই সফরটি ছিল ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার আলোচনার অংশ, যা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই সফর বাতিলের ফলে দুই দেশের নতুন দফার সংলাপ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ঘোষণা দেন। পরে তিনি সংবাদমাধ্যমকে জানান, ইসলামাবাদে ইরানি আলোচকরা মার্কিন প্রতিনিধিদের জন্য যে প্রস্তাব সংবলিত নথি রেখে গেছেন, তা যুক্তরাষ্ট্রের কাছে ‘অপর্যাপ্ত’ মনে হয়েছে। ট্রাম্পের মতে, এমন একটি আলোচনার জন্য শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের পাঠানোর কোনো যৌক্তিকতা নেই যা মার্কিন স্বার্থে সন্তোষজনক ফল দেবে না।

তিনি আরও উল্লেখ করেন যে, এই সফরে অনেক সময়ের প্রয়োজন ছিল, অথচ বর্তমানে অনেক প্রশ্নের জবাব এখনও অজানা। তবে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, এই অচলাবস্থা মানেই কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া নয়। তিনি বলেন, ইরান চাইলে এখনও আলোচনার সুযোগ রয়েছে। তার ভাষায়, ‘ইরান যদি কথা বলতে চায়, তাহলে শুধু ফোন হাতে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে।’

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন