টেকনাফে পুলিশের অভিযানে ৮ আসামি গ্রেফতার

টেকনাফে পুলিশের অভিযানে ৮ আসামি গ্রেফতার

জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৮ জন আসামিকে গ্রেফতার করেছে। 

শনিবার (৪ এপ্রিল ২০২৬) ভোররাতে টেকনাফ থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে টেকনাফ থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযানে নামে। অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ৪ জন জিআর পরোয়ানাভুক্ত এবং ২ জন নিয়মিত মামলার আসামি রয়েছেন।

টেকনাফ মডেল থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আদালতের দেওয়া বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ কার্যকর করার পরোয়ানা ছিল। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরেই তাদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, "অপরাধী শনাক্ত ও গ্রেফতারি পরোয়ানা তামিল করতে আমাদের এই ধরনের বিশেষ অভিযান নিয়মিত চলবে। টেকনাফকে অপরাধমুক্ত রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।"

সীমান্তবর্তী এই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন তৎপরতায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন