পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মিয়ানমার ও আরাকান আর্মির অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মিয়ানমার ও আরাকান আর্মির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ে এবং আরাকান আর্মির প্রধান ত্বান ম্রাত নাইং। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পৃথক বার্তায় তারা এই অভিনন্দন জানান। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকার এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি—উভয় পক্ষের এই শুভেচ্ছা বার্তা এক নজিরবিহীন ঘটনা।

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ে তার অভিনন্দন বার্তায় ঢাকা ও নেপিদোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। অন্যদিকে, প্রথমবারের মতো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বার্তা পাঠিয়েছেন ইউনাইটেড লীগ অব আরাকান (ইউএলএ)-এর চেয়ারম্যান ও আরাকান আর্মির প্রধান ত্বান ম্রাত নাইং। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ও আরাকানের মধ্যে বন্ধুত্বের এক নতুন পথ তৈরির সুযোগ এসেছে। আশা করি, বাস্তবসম্মত ও টেকসই সমাধান খুঁজে পেতে আপনি আমাদের সঙ্গে কাজ করবেন।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাসস-কে জানান, এই বার্তাগুলো দীর্ঘ নিরবচ্ছিন্ন যোগাযোগের ফল। এটি প্রমাণ করে যে, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের নতুন সরকারের ওপর মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মি—উভয় পক্ষেরই আস্থা রয়েছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও জানিয়েছিলেন যে, সরকার এই ইস্যুতে উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে।

রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ভিটায় ফিরে যাওয়ার অধিকারের বিষয়ে আন্তর্জাতিক মহলে দাবি জানিয়ে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও তাদের এই অধিকারের গুরুত্বকে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকার জাতিসংঘসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে এই সংকটের একটি দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন