ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ২৮ ফেব্রুয়ারি তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে একই দিনে দলীয় কাউন্সিলের ডাক দিয়েছে দলটি, যেখানে বড় ধরনের রাজনৈতিক মেরুকরণের ‘চমক’ থাকতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসিফ মাহমুদ জানান, গত বছরের ২৮ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বে গঠিত এনসিপি এখন তাদের সাংগঠনিক পরিসর আরও বড় করতে চায়। এজন্য ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ-বাংলাদেশ) সহ বিভিন্ন ‘বাংলাদেশপন্থী’ রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চলছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কাউন্সিলে এসব প্ল্যাটফর্মের এনসিপিতে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আপ-বাংলাদেশের পক্ষ থেকেও এনসিপির সঙ্গে কাজ করার প্রাথমিক আলোচনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বড় ঘোষণা দিয়ে বলেন, এনসিপি দেশের ১২টি সিটি করপোরেশন, ৪৯৫টি উপজেলা এবং ৩৩০টি পৌরসভায় প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “আমরা শুধু দলীয় কর্মী নয়, বরং সৎ ও যোগ্য চিকিৎসক, প্রকৌশলী, কৃষক ও শ্রমজীবীদের জনপ্রতিনিধি হিসেবে তুলে আনতে চাই। অন্য কোনো দলে কেউ অবমূল্যায়িত হলে এনসিপির দরজা তাদের জন্য খোলা থাকবে।”
সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, সিটি করপোরেশনগুলোতে তড়িঘড়ি করে পরাজিত ও বঞ্চিত দলীয় প্রার্থীদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তিনি অবিলম্বে স্থানীয় নির্বাচনের নির্দিষ্ট টাইমলাইন বা রোডম্যাপ ঘোষণার দাবি জানান। এছাড়া গত কয়েকদিন ধরে পুলিশের রেইড এবং শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “সরকার ভয়ের রাজত্ব কায়েম করতে চাচ্ছে, যা নতুন বাংলাদেশের চেতনার পরিপন্থী।”
সংবাদ সম্মেলনে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে এনসিপির এই প্রস্তুতি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ