বাবার ভাত নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল কিশোর হাফেজ হোসাইনের

বাবার ভাত নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল কিশোর হাফেজ হোসাইনের

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাফেজ হোসাইন (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার নৃসিংহপুর এলাকার একটি ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন কালীগঞ্জ উপজেলার কয়েরগাছি গ্রামের শাহিন রহমানের ছেলে এবং যশোরের একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। সে পবিত্র রমজান মাসের রোজা অবস্থায় এই দুর্ঘটনার শিকার হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, হোসাইন অত্যন্ত পিতৃভক্ত ছিল। প্রতিদিনের মতো এদিনও সে বাইসাইকেলে করে তার দিনমজুর বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিল। নৃসিংহপুরের একটি ইটভাটায় কর্মরত বাবাকে নিজ হাতে ভাত খাইয়ে দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। পথে ভাটার কাছাকাছি পৌঁছালে কালীগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি খড়িবাহী ট্রাক পেছন থেকে তার সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হোসাইন সাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা বন্ধু প্রান্ত আহত হলে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে ট্রাক চালক পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে, বাবার মুখে ভাত তুলে দেওয়ার আগেই ছেলের এমন করুণ মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা শাহিন রহমান। হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন