ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু নাইম হোসাইন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় বন্দোবস্তকৃত জমি নিয়ে বিরোধের জেরে মো. জসিম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর চর বিশ্বাস ইউনিয়নের পূর্ব চর বিশ্বাস ও চর হক এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ভুক্তভোগী মো. জসিম উদ্দিন জানান, ২০০৪-০৫ সালের দিকে ওই এলাকার কিছু জমি রেজিস্ট্রি হলেও বেশ কিছু জমি রেজিস্ট্রি প্রক্রিয়াধীন ছিল। এই সুযোগে গত তিন বছর ধরে স্থানীয় প্রভাবশালীরা জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি নিয়ে বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আদালতে রিসিভার মামলা চলমান রয়েছে। জসিমের অভিযোগ, শামীম মোল্লা, রনি মোল্লা, মামুন মোল্লা ও মাহবুব মোল্লাসহ একদল ব্যক্তি তাকে ঘেরাও করে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার সময় তিনি পাওনাদারদের টাকা পরিশোধের উদ্দেশ্যে প্রায় ২০ হাজার টাকা নিয়ে বের হয়েছিলেন। ফেরার পথে অভিযুক্তরা তাকে পথরোধ করে 'কেন চরে এসেছিস' বলে মারধর শুরু করে। তিনি আরও দাবি করেন, অভিযুক্তদের ওই চরে কোনো নিজস্ব জমি নেই, তবুও তারা জোরপূর্বক রিসিভারভুক্ত জমি দখলের চেষ্টা করছে।
অন্যদিকে, অভিযুক্তদের একজন রনি মোল্লা মারধরের বিষয়টি অস্বীকার করে একে 'ধাক্কাধাক্কি' বলে দাবি করেছেন। তিনি বলেন, জসিম উদ্দিন তার ক্রয়কৃত জমি অন্য একজনের কাছে বিক্রি করিয়েছেন এবং জমিতে পানি সেচ দেওয়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। রনি মোল্লার দাবি, তার জমিতে জসিমের ইন্ধনে পানি দেওয়া হচ্ছিল, যা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়। তবে ওই এলাকায় তার পৈতৃক কোনো জমি নেই এবং এটি তার ক্রয়কৃত সম্পত্তি বলেও তিনি দাবি করেন।
এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। আহত জসিম উদ্দিন জানিয়েছেন, হাসপাতাল থেকে সুস্থ হয়ে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তাকে এখন পর্যন্ত কেউ অবহিত করেনি। কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ