ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ১

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সাবেদ (১৯)। তিনি নারায়ণগঞ্জের মো. মতিন মিয়ার ছেলে। এ ঘটনায় মো. সামির (২৪) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ঢাকামুখী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সামিরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দ্রুত গতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করেছে। এই ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন