ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জুলাই গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা শারীরিকভাবে দেশে না থাকলেও তাঁর প্রতিষ্ঠিত ‘রাজনীতি’ এখনো বাংলাদেশে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (৮ মার্চ ২০২৬) দুপুরে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর বিশ্লেষণ তুলে ধরেন।
আসিফ নজরুল তাঁর পোস্টে উল্লেখ করেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ‘মালিকানার রাজনীতি’ করতেন। তাঁর দর্শনে কেবল তিনি ও তাঁর অনুগতরাই মুক্তিযুদ্ধের অংশীদার ছিলেন। বর্তমানে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেও একদল মানুষের মধ্যে একই ধরনের ‘মালিকানার রাজনীতি’ দেখা যাচ্ছে। এছাড়া শেখ হাসিনার রাজনীতির অন্যতম অনুষঙ্গ ছিল ‘ট্যাগ দেওয়া’। আগে যেমন কথায় কথায় ‘রাজাকার’ বা ‘পাকিস্তানপন্থী’ তকমা দেওয়া হতো, এখন নাম বদলে ‘ফ্যাসিস্টের দোসর’ বা ‘জুলাই গাদ্দার’ বলে যত্রতত্র ট্যাগ দেওয়ার সংস্কৃতি চলছে। বছরের পর বছর আওয়ামী লীগের হাতে নির্যাতিত ব্যক্তিরাও এখন এই নতুন ট্যাগের শিকার হচ্ছেন।
সাবেক এই উপদেষ্টা তাঁর বিশ্লেষণের তৃতীয় পয়েন্টে ‘ভিকটিমহুড’ বা ভুক্তভোগী সাজার রাজনীতির কথা বলেন। তিনি জানান, এক সময় ভুক্তভোগী ছিলেন বলে এখন ‘শিকারী’ হয়ে যাওয়ার এক ধরনের অধিকারবোধ শেখ হাসিনার মধ্যে ছিল, যা তাঁর পতনের পরও অনেকের মধ্যে বহাল তবিয়তে টিকে আছে।
আসিফ নজরুল আক্ষেপ করে লিখেছেন, "অবস্থা দেখে মনে হচ্ছে, আমরা শুধু শেখ হাসিনার শাসন অবসানের আন্দোলন করেছি। কিন্তু তাঁর রাজনীতির অনেকটা নিজের ভেতর রেখে দিয়েছি।" তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এটি বৈষম্যবিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও অসহিষ্ণুতা বেড়ে যাওয়ার দিকে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ