যৌতুকের মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা টিপু সুলতান

যৌতুকের মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা টিপু সুলতান

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ইন্তেহারুল করিম ওরফে টিপু সুলতান (৩৩)। 

রোববার (৮ মার্চ ২০২৬) দুপুরে নান্দাইল থানা পুলিশ তাঁকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, টিপু সুলতানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিথী (২৪) বাদী হয়ে নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলাটি দায়ের করেন। এজাহারে অভিযোগ করা হয়েছে, ৫ লক্ষ টাকা যৌতুকের দাবিতে টিপু সুলতান তাঁর স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। গত ৬ মার্চ মামলাটি দায়েরের পর গতরাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইন্তেহারুল করিম ওরফে টিপু সুলতান নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। তিনি জেলা উত্তর বিএনপির সদস্য মামুন বিন মান্নানের অনুসারী হিসেবে পরিচিত। তবে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

“৫ লক্ষ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর করার সুনির্দিষ্ট অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। এই মামলায় টিপু সুলতান প্রধান আসামি। এছাড়াও আরও ৩ জনকে আসামি করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন