ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. সুলতান কবির, ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য পরীক্ষা সনদ না থাকায় লেবু মিয়া নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৮ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার ওসমানপুর বাজারে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত লেবু মিয়া উপজেলার নুরজাহানপুর গ্রামের খাদেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাংস ব্যবসায়ী লেবু মিয়া সকালে একটি মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। বিষয়টি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা ভিড় জমান এবং মাংসে সমস্যা থাকার অভিযোগ তুলে প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মাংসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করেন। পরীক্ষা শেষে তিনি জানান:
গরুটি অত্যন্ত বয়স্ক ছিল।
বিক্রিত মাংসটি টাটকা ছিল না; বরং গত কয়েকদিন আগে গরু জবাই করে সেই মাংস ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল।
অভিযোগের সত্যতা ও মাংসের স্বাস্থ্য পরীক্ষা সনদ না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে কসাই লেবু মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম বলেন, "জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ভবিষ্যতেও এ ধরনের অসুস্থ পশুর মাংস বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।"
| আজকের তারিখঃ বঙ্গাব্দ