ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা চিন্তা করে কিশোরগঞ্জের হোসেনপুরে মাত্র ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। রোববার (৮ মার্চ ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার ফলপট্টি এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা এই সুলভ মূল্যে মাংস বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে এবং স্বল্পমূল্যে মাংস কিনতে দূর-দূরান্ত থেকে ক্রেতারা ভিড় জমান। বাজারে বর্তমানে গরুর মাংসের দাম ৭৫০ টাকা বা তার বেশি হলেও এখানে ১০০ টাকা কমে মাংস পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। আল আমিন নামে এক ক্রেতা জানান, প্রশাসনের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন জানান, উদ্বোধনী দিনে ১০০ কেজি মাংস বিক্রি করা হয়েছে। সোমবার (৯ মার্চ) হাসপাতাল মোড় এলাকায় একইভাবে ৬৫০ টাকা দরে মাংস বিক্রি করা হবে। তিনি আরও জানান, গরুর নির্ধারিত মান ও স্বাস্থ্যবিধি মেনেই এই মাংস সরবরাহ করা হচ্ছে। এর আগে এই এলাকায় ন্যায্যমূল্যে ডিম ও দুধও বিক্রি করা হয়েছিল।
ইউএনও কাজী নাহিদ ইভা জানান, পুরো রমজান মাস জুড়ে নির্দিষ্ট দিনগুলোতে এই কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে। এতে সাধারণ মানুষ যেমন ন্যায্যমূল্যে পুষ্টিকর খাবার পাবেন, তেমনি বাজারে মাংসের দাম স্থিতিশীল রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ