দেশজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা: সিরাজগঞ্জে ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন

দেশজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা: সিরাজগঞ্জে ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হতে পারে—এমন গুঞ্জন ও আশঙ্কায় সিরাজগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। 

তেলের মজুদ ফুরিয়ে যাওয়ার ভয়ে রোববার (৮ মার্চ ২০২৬) সকাল থেকেই পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, অকটেন, পেট্রোল ও ডিজেল নিতে আসা যানবাহনের লাইন পাম্প এলাকা ছাড়িয়ে মূল সড়ক পর্যন্ত পৌঁছে গেছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভিড় ছিল সবচেয়ে বেশি। রোজার মাসে প্রখর রোদে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করায় চালক ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

জ্বালানি নিতে আসা রাতুল নামে এক চাকরিজীবী বলেন:

“সকাল থেকে কয়েকটি পাম্প ঘুরেও তেল পাইনি। শেষে কাজিপুর মোড়ে এসে প্রায় ৫০ মিনিট লাইনে দাঁড়িয়ে তেল পেলাম। এভাবে চললে যাতায়াত করাই কঠিন হয়ে পড়বে।”

অনেকেই অভিযোগ করেছেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর পাম্প থেকে জানানো হচ্ছে তেল শেষ হয়ে গেছে।

শহরের কাজিপুর মোড়ের মেসার্স পার্ক ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, শাহজাদপুর তেল ডিপো থেকে চাহিদামতো সরবরাহ পাওয়া যাচ্ছে না। তিনি বলেন:

  • পেট্রোল: সরবরাহ বন্ধ রয়েছে।

  • ডিজেল: দৈনিক ১৩ হাজার ৫০০ লিটারের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ৯ হাজার লিটার। বর্তমানে ডিজেলের মজুদও শেষের দিকে।

  • অকটেন: যতক্ষণ মজুদ আছে ততক্ষণ দেওয়া সম্ভব হবে।

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করছেন, যা সংকটকে আরও ঘনীভূত করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সরকারিভাবে সরবরাহ স্বাভাবিক করা না হলে জেলায় পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়তে পারে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন