ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলা এবং নিলামে কেনা গরুর মূল্য পরিশোধ না করার অভিযোগে অভিযুক্ত মো. জীবন মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী কৃষকদল। শনিবার (৭ মার্চ ২০২৬) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর পৌর কৃষকদলের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জীবন মিয়াকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম ও সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মসজিদ প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের ৯ ফেব্রুয়ারি পাগলা মসজিদের নিলামে জীবন মিয়া ৫৫ হাজার টাকায় একটি গরু কিনলেও এক বছরেও সেই অর্থ পরিশোধ করেননি। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তিনি টাকা না দেওয়ায় বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।
গত বৃহস্পতিবার বিকেলে পাগলা মসজিদে নিলাম চলাকালে জীবন মিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু আহত হন।
এই ঘটনায় ফয়জুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি জীবন মিয়া ও তাঁর সহযোগী মনাকে গ্রেপ্তার করেছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ