ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলা ও ৪ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মহানগরীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ ২০২৬) বেলা ১২টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন আয়োজিত হয়। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সহ-সভাপতি মো. রহমত উল্লাহর সঞ্চালনায় সাংবাদিক নেতারা বলেন, রেজাউল করিমকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে মাইক্রোবাস ভাড়া করে এই হামলা চালানো হয়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাব, রিভারসিটি প্রেসক্লাব, রাজশাহী রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি জানান। এছাড়াও রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ ছাত্রদল ও স্থানীয় বিএনপি-স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শিরোইল কাঁচা বাজার এলাকায় অবস্থিত বরেন্দ্র প্রেসক্লাব পরিচালনার নামে বেশ কিছুদিন ধরে নুরে ইসলাম মিলন ও তার সহযোগীরা ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরই জেরে শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে একদল সন্ত্রাসী ক্লাবে তাণ্ডব চালায়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় মিলন পিস্তল বের করে সভাপতির মাথায় ঠেকিয়ে ভয়ভীতি দেখায়।
হামলার একপর্যায়ে সুরুজ আলী নামের এক সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রেজাউল করিমের উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যেখানে তার ক্ষতস্থানে ১৩টি সেলাই দিতে হয়েছে।
এই ঘটনায় সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় নুরে ইসলাম মিলন, সুরুজ আলীসহ নামীয় ৬ জন ও অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান:
“পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের ফেলে যাওয়া একটি মাইক্রোবাস (কুমিল্লা-চ-৫১-০০২৮) জব্দ করেছে। মামলা রেকর্ড করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”
| আজকের তারিখঃ বঙ্গাব্দ