ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত অষ্টম দিনে (৭ মার্চ) নতুন মোড় নিয়েছে। ইরান থেকে ইসরায়েলের দিকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা আগের চেয়ে কিছুটা কমে এলেও, পুরো মধ্যপ্রাচ্যের তেল অবকাঠামো ও উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার তীব্রতা বেড়েছে। একই সঙ্গে লেবানন ও ইয়েমেন ফ্রন্টে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।
তেল স্থাপনায় ত্রিমুখী হামলা ও অর্থনৈতিক হুমকি গতকাল রাতের চিত্র পাল্টে গেছে। ইসরায়েল বেপরোয়াভাবে ইরানের বিভিন্ন তেল স্থাপনা ও ডিপো লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে, যাতে অনেকগুলো তেলের ডিপো বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে, ইরান ও হুতিরাও জ্বালানি খাতকে টার্গেট করেছে। ইয়েমেন থেকে ৭টি হুতি ড্রোন সৌদি আরবের ‘শাইবা তেল স্থাপনা’ লক্ষ্য করে ছোড়া হয়েছে। এই পরিস্থিতিতে কুয়েত তাদের তেল উৎপাদন ও রিফাইনিং কার্যক্রম কমানোর ঘোষণা দিয়েছে।
সৌদির চরম সতর্কবার্তা ও যুক্তরাষ্ট্রের ক্ষতি জ্বালানি অবকাঠামোতে হামলার পর সৌদি আরব ইরানকে কড়া ভাষায় সতর্ক করে জানিয়েছে, এমন আক্রমণ চলতে থাকলে রিয়াদও পাল্টা জবাব দিতে বাধ্য হবে। এদিকে, নিউইয়র্ক পুলিশ বিভাগ (NYPD) নিশ্চিত করেছে যে কুয়েতে অবস্থানরত আরও একজন মার্কিন সেনা স্বাস্থ্যগত কারণে মারা গেছেন, ফলে এই সংঘাতে যুক্তরাষ্ট্রের নিহত সেনার সংখ্যা ৭-এ দাঁড়াল।
খামেনির ছেলে আহত, ইসরায়েলে রেড অ্যালার্ট ইসরায়েলি টিভি ‘চ্যানেল ১২’ দাবি করেছে, ইসরায়েলের একটি হামলায় ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতাবা খামেনি আহত হয়েছেন, তবে তিনি প্রাণে বেঁচে গেছেন। লেবানন সীমান্তে হিজবুল্লাহর ধারাবাহিক হামলার কারণে গত ২৪ ঘণ্টায় উত্তর ইসরায়েল ও সীমান্ত এলাকায় প্রায় প্রতি ঘণ্টায় রেড অ্যালার্ট জারি হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে, ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, তারা আর নিশ্চিতভাবে জনগণকে ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কবার্তা দিতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান।
মানবিক বিপর্যয় ও হরমুজ প্রণালিতে অচলাবস্থা লেবাননে ইসরায়েলি হামলা ও বাড়িঘর ছাড়ার নির্দেশের কারণে ইতিমধ্যে সাড়ে ৪ লাখেরও বেশি লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরান জাহাজ চলাচলে বাধা অব্যাহত রেখেছে। গতকাল আরও একটি জাহাজে হামলা চালানোর ফলে এখন পর্যন্ত মোট ৯টি জাহাজ আক্রান্ত হলো।
মধ্যপ্রাচ্যের এই ত্রিমুখী সংঘাত এখন সীমান্ত ছাড়িয়ে বৈশ্বিক তেল সরবরাহ ও সমুদ্রপথের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ