ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র রমজান মাসে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে যানজট ও জনভোগান্তি কমাতে বিদেশি কারিকুলামে পরিচালিত (ইংলিশ মিডিয়াম) স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল সোমবার (৯ মার্চ ২০২৬) থেকে শুরু করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটি শেষ হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়, রমজান মাসে জনভোগান্তি নিরসন এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে বিদেশি কারিকুলামের বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামীকাল থেকে নিয়মিত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে স্কুল বন্ধ থাকলেও আগে থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের আবশ্যিক পরীক্ষাগুলো যথাযথভাবে অনুষ্ঠিত হবে।
একই আদেশে আরও জানানো হয়েছে, যানজট নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও এই সময়ে পুরোপুরি বন্ধ রাখতে হবে। সরকারের এই পদক্ষেপের ফলে রমজানে বিশেষ করে স্কুল ছুটির সময়ে তৈরি হওয়া তীব্র যানজট থেকে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা কঠোরভাবে পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ