আওয়ামী লীগ নেতাদের জামিন ও কার্যালয় খোলা নিয়ে জামায়াতের নিন্দা

আওয়ামী লীগ নেতাদের জামিন ও কার্যালয় খোলা নিয়ে জামায়াতের নিন্দা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের একের পর এক জামিন দেওয়া এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যালয় খুলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। এমন গণহত্যার সঙ্গে সরাসরি জড়িতদের এখন জামিন দেওয়া হচ্ছে। একইসঙ্গে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্ষমতাসীন দলের নেতাদের নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিসগুলো পুনরায় খুলে দেওয়া হচ্ছে। এসব অফিসে বসে তারা আবার দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেতে পারে বলে দেশবাসীর মাঝে বড় ধরনের আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি এ ধরনের পদক্ষেপকে দেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত হিসেবে উল্লেখ করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রকাশ্যে সক্রিয় থাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। একই দিনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত আবদুর রহমান বদিকেও জামিন দেওয়া হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা জামিনে মুক্ত হয়ে পুনরায় সহিংসতায় জড়িয়ে পড়তে পারে এবং এই দায়ভার সরকারকেই বহন করতে হবে। তিনি জামিনে মুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে লুটপাট ও সংঘবদ্ধ চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ এনে বলেন, এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আওয়ামী লীগের যেসব কার্যালয় খুলে দেওয়া হয়েছে, তার তদন্ত করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসবের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন