বাংলাদেশ খেলাফত মজলিসের জরুরি সংবাদ সম্মেলন আজ

বাংলাদেশ খেলাফত মজলিসের জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল কারচুপির অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর পুরানা পল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকালে দলের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ভোট গণনায় ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে আসছেন। ইতোমধ্যে তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনে একটি আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং ভোট গণনার সময়কার অনিয়ম নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মামুনুল হক এক প্রতিক্রিয়ায় বলেছিলেন, “এবারের নির্বাচন সহিংসতামুক্ত ছিল এবং মানুষের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ ছিল। ভোটগ্রহণের সময়টা মোটামুটি শান্তিপূর্ণ থাকলেও গণনার সময় পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যা কোনোভাবেই রোধ করা যায়নি। বিষয়টি আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট।” আজকের সংবাদ সম্মেলন থেকে তিনি নতুন কোনো কর্মসূচি বা আইনি পদক্ষেপের ঘোষণা দেবেন কি না, সেদিকেই এখন সবার নজর।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন