ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। বুধবার সকালে সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই দাওয়াত গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেছেন।
সেক্রেটারি জেনারেল আরও জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ইতিপূর্বে টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে সপরিবারে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন। সেই অনুরোধের ধারাবাহিকতায় আজ প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য পৃথক আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়েছে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের শীর্ষ দুই রাজনৈতিক দলের নেতৃত্বের এই সৌজন্য ও হৃদ্যতাপূর্ণ অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ