ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সদ্য বিদায়ি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের শত শত অভিযোগ জমা পড়ছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। দায়িত্ব ছাড়ার মাত্র এক সপ্তাহের মাথায় সাবেক প্রধান উপদেষ্টাসহ প্রায় সকল উপদেষ্টার বিরুদ্ধেই এসব লিখিত অভিযোগ জমা পড়েছে। দুদকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অভিযোগের সংখ্যা যে হারে বাড়ছে, তাতে এটি পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। অধিকাংশ অভিযোগ বেনামী হলেও কিছু ক্ষেত্রে অভিযোগকারীরা নাম-পরিচয় উল্লেখ করে তথ্য-প্রমাণ জমা দিয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর্মচারীদের অর্থ আত্মসাৎ, ট্রাস্টের মাধ্যমে আয়কর ফাঁকি এবং দায়িত্ব পালনকালে বিদেশে অর্থ পাচারের একাধিক অভিযোগ জমা পড়েছে। সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা ও জামিন বাণিজ্য এবং বিচারক পদায়নে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের এক ডজনের বেশি অভিযোগ রয়েছে। বিশেষ করে বড় শিল্প গ্রুপের আসামি ও প্রভাবশালী ব্যক্তিদের জামিন করিয়ে দিয়ে ২০ কোটি টাকা পর্যন্ত নেওয়ার সুনির্দিষ্ট দাবি করা হয়েছে একটি অভিযোগে। এছাড়া উত্তরা, গুলশান ও সাভারের সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যের মাধ্যমেও তিনি বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রায় ১ হাজার কোটি টাকার দুর্নীতি, ঘুষ নিয়ে কাজ না দেওয়া এবং বিটকয়েনের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ ও অন্যের সম্পত্তি দখলের অভিযোগ জমা পড়েছে। এছাড়া সাবেক জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের বিরুদ্ধে বিদ্যুৎ খাতের বেসরকারি কোম্পানি থেকে অনৈতিক সুবিধা গ্রহণ এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে হাসপাতালের কেনাকাটায় টেন্ডার জালিয়াতির অভিযোগ রয়েছে।
এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "কেউই আইনের ঊর্ধ্বে নন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে অবশ্যই তদন্ত করে দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনতে হবে।" তবে তিনি সতর্ক করে বলেন, তদন্তের নামে কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা জরুরি। দুদক জানিয়েছে, প্রাপ্ত অভিযোগগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক সত্যতা পাওয়া গেলে খুব শীঘ্রই আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ