২৩ বছর পর ভাঙ্গা যুবদলের কমিটি ঘোষণা

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ
২৩ বছর পর ভাঙ্গা যুবদলের কমিটি ঘোষণা

আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: দীর্ঘ ২৩ বছর পর ফরিদপুরের ভাঙ্গা উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ভাঙ্গা পৌর যুবদলেরও নতুন কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

সোমবার (১৩ জুলাই) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই দুই কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি) এই কমিটিগুলোর অনুমোদন দেন।

নবঘোষিত ৩১ সদস্যবিশিষ্ট ভাঙ্গা উপজেলা যুবদলের কমিটিতে মো. ওসমান মুন্সীকে সভাপতি এবং মো. গোলাম আজমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ১৩ সদস্যবিশিষ্ট ভাঙ্গা পৌর যুবদলের কমিটিতে মো. নাজমুল হাসান সভাপতি এবং শাওন বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

দীর্ঘদিন পর বহুল প্রতীক্ষিত এই কমিটি ঘোষণার খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ দেখা গেছে। উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, শুভেচ্ছা বিনিময় এবং মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা।

নবগঠিত উপজেলা যুবদলের সভাপতি মো. ওসমান মৃধা (মুন্সী) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখে দায়িত্ব অর্পণ করেছে, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে ভাঙ্গা উপজেলা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন