শ্রীপুরে নারিশ হ্যাচারির ট্রাকচাপায় সাবেক বিএনপি নেতা নিহত
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে পোল্ট্রি শিল্প প্রতিষ্ঠান নারিশ হ্যাচারির একটি চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিদ্দিকুর রহমান (৬০) নামে স্থানীয় এক বিএনপি নেতা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আজ শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের সংলগ্ন ব্যস্ততম লেভেল ক্রসিং এলাকায় এই করুণ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের ধাওয়া খেয়ে চতুর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহত সিদ্দিকুর রহমান শ্রীপুর বাজারের একজন সুপরিচিত প্রবীণ ব্যবসায়ী। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর নিজ বাড়ি শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, শনিবার বেলা পৌনে ১২টার দিকে সিদ্দিকুর রহমান শ্রীপুর রেলওয়ে লেভেল ক্রসিং সংলগ্ন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নারিশ হ্যাচারির একটি দ্রুতগামী ও বেপরোয়া ট্রাক তাঁকে সজোড়ে ধাক্কা দিলে তিনি চাকার নিচে পিষ্ট হন। এতে মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়। ভয়াবহ এই দুর্ঘটনার পরপরই চালক ট্রাকটি ফেলে রেখে কৌশলে চম্পট দেয়।
এদিকে, প্রিয় ব্যবসায়ী ও জনপ্রিয় বিএনপি নেতার এমন বিভৎস ও আকস্মিক মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়লে শত শত স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক সহকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়ে পুরো শ্রীপুর বাজার ও পৌর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাস্থল থেকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম গণমাধ্যমকে জানান, “রেলওয়ে লেভেল ক্রসিং সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ সেখানে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি ও থানায় নিয়ে আসার কাজ চলছে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
দুর্ঘটনার পর পলাতক চালককে দ্রুত গ্রেপ্তার, ঘাতক ট্রাকের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে সুর মেলাচ্ছেন স্থানীয় ও সুশীল সমাজের প্রতিনিধিরা।