সাইফকে কুলেস্ট হাজবেন্ড বললেন কারিনা

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
সাইফকে  কুলেস্ট হাজবেন্ড বললেন কারিনা

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় ও স্টাইলিশ তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। পর্দার বাইরেও তাঁদের ব্যক্তিগত জীবনের রসায়ন প্রায়ই অনুরাগীদের মুগ্ধ করে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই জুটির একটি মজার ও মিষ্টি কথোপকথন নেটিজেনদের নজর কেড়েছে।

সম্প্রতি অভিনেতা সাইফ আলী খান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নতুন ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে দেখা যায়, বাড়ির প্রশস্ত বারান্দায় নীল কুর্তা ও সাদা পায়জামা পরে হাতে একটি উজ্জ্বল হলুদ রঙের ইলেকট্রিক গিটার বাজিয়ে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন সংগীতশিল্পী ড্রামসসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে সুরের মূর্ছনা তুলছেন। ভিডিওর ক্যাপশনে সাইফ লিখেছিলেন, ‘ছন্দ খুঁজে পেয়েছি, তাল হারিয়েছি, তবু দারুণ সময় কাটিয়েছি।’ অভিনয়ের বাইরেও সংগীতের প্রতি সাইফের এই অনুরাগ ভক্তদের বেশ পছন্দ হয়।

তবে সবার নজর কাড়ে ভিডিওটির কমেন্ট বক্স। সেখানে স্বামী সাইফের প্রতি মুগ্ধতা প্রকাশ করে কারিনা কাপুর লেখেন, “বিশ্বের সবচেয়ে কুল স্বামী কে? আমি কি বলতে পারি, আমার স্বামী?”

স্ত্রীর এমন প্রকাশ্যে প্রশংসার জবাবে পিছিয়ে থাকেননি সাইফ আলী খানও। তিনি মজার ছলে মন্তব্য করেন, “প্লিজ, ডোন্ট নজর নজর!” অর্থাৎ স্ত্রীর এই প্রশংসায় যেন কারও কুদৃষ্টি বা নজর না লাগে, রসিকতা করে সেটাই ফুটিয়ে তুলেছেন অভিনেতা। তাঁদের এই খুনসুটি ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

উল্লেখ্য, দীর্ঘ পাঁচ বছর প্রেম করার পর ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ ও কারিনা। তাদের সংসারে বর্তমানে তৈমুর আলী খান ও জেহ আলী খান নামের দুই পুত্রসন্তান রয়েছে। এর আগে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে সাইফের ঘরে সারা আলী খান ও ইব্রাহিম আলী খান নামের আরও দুই সন্তান রয়েছে।

সকালবেলা / নুসরাত