ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৬৮৪

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ণ
ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৬৮৪
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে অপরাধসংক্রান্ত বিভিন্ন ঘটনায় মোট ৪৪টি নতুন মামলা করা হয়েছে।

আজ শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন।

ডিসি মো. আকতার হোসেন জানান, ডিএমপির আওতাধীন বিভিন্ন বিভাগে একযোগে পরিচালিত এই অভিযানে বিভাগওয়ারি গ্রেপ্তারের সংখ্যা হলো— রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, ওয়ারী বিভাগে ৮৭ জন, মতিঝিল বিভাগে ৭৮ জন, তেজগাঁও বিভাগে ১১০ জন, মিরপুর বিভাগে ২০৬ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৩২ জন, এসআরইউ বিভাগে ৪ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগ কর্তৃক ৪ জন।

ডিএমপি সূত্র জানায়, শুক্রবার দিনভর ও রাতে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঝটিকা ও বিশেষ অভিযান পরিচালনা করে এই ৬৮৪ জনকে গ্রেপ্তার করা হয়।

সাঁড়াশি অভিযান পরিচালনাকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে দুই হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি ব্যবহৃত মোবাইল ফোন, ৭৯টি মোবাইল সিম, একটি মোটরসাইকেল, ৪টি ব্যাটারিসহ একটি অটোরিকশা, নগদ ৩২ হাজার ৫৩০ টাকা, ১০৪টি জুয়া খেলার ট্রাম্প কার্ড (তাস), আটটি খাতা এবং গাঁজা সেবনের কলকীসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধীদের দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট থানায় মামলার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।