চলতি সপ্তাহে ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের দূতের

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ণ
চলতি সপ্তাহে ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের দূতের

অনলাইন ডেস্ক: আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন এক চরম পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে। চলতি সপ্তাহেই ইরানকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক হামলা চালানো হতে পারে বলে পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ দূত ও তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

জনপ্রিয় পডকাস্ট উপস্থাপক মারিও নাউফালের সঙ্গে এক সাক্ষাৎকারে উপসাগরীয় অঞ্চলে সফররত টম ব্যারাককে প্রশ্ন করা হয়েছিল— চলতি সপ্তাহেই কি ইরানে কোনো সামরিক হামলা হতে পারে? এর জবাবে ব্যারাক স্পষ্ট ভাষায় বলেন, "অবশ্যই হতে পারে।"

তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত স্পষ্টবাদী একজন মানুষ। যুক্তরাষ্ট্র একটি কূটনৈতিক চুক্তির জন্য যেমন উন্মুক্ত ও প্রস্তুত, তেমনই বিগত বেশ কিছুদিন ধরে আলোচনার টেবিলে বসেও কোনো সুরাহা দেখছে না। তবে রাষ্ট্রদূতের এমন মন্তব্যের বিষয়ে ফ্লোরিডায় সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি কৌশলে এড়িয়ে যান। তিনি বলেন, "সে কি আমার রাষ্ট্রদূত? আমার মনে হয় সে বেশ প্রভাবশালী একজন মানুষ। যদি এমন কিছু হয়েও থাকে, তবে সে সম্পর্কে আমি কিছু জানি না।"

এদিকে আগামী মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছেন এবং সম্প্রতি তিনি ইরানের বর্তমান ধর্মীয় শাসনব্যবস্থাকে সম্পূর্ণ উৎখাত করার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছেন। এর বিপরীতে ট্রাম্পের দূত টম ব্যারাক পরিষ্কার করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের ইসলামি প্রজাতন্ত্রের ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থা পরিবর্তনের কোনো উদ্দেশ্য রাখছে না।

ব্যারাক বলেন, "যদি আপনারা বিশ্বকে, আমাদের মিত্রদের এবং উপসাগরীয় অঞ্চলকে ক্রমাগত হুমকি দিতে থাকেন, তবে তার পরিণাম ভোগ করতে হবে। তবে সেই পরিণামের অর্থ এই নয় যে আমরা শাসনব্যবস্থা বদলাতে চাচ্ছি।" তিনি আরও যোগ করেন, সামরিক পন্থায় সরকার হটিয়ে দিলে পরবর্তী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে যে শূন্যতা ও অস্থিতিশীলতা তৈরি হয়, সেটি সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

উল্লেখ্য, এর আগে ট্রাম্প ৩ নভেম্বর অনুষ্ঠায়ী মার্কিন নির্বাচনের আগে বড় ধরনের কোনো সামরিক পদক্ষেপ না নেওয়ার কথা বললেও বর্তমান পরিস্থিতি এবং ইরানের পক্ষ থেকে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ প্রতিহতের হুমকির পর পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে।

সকালবেলা / নুসরাত