গাজীপুরের সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক:গাজীপুরের কাশিমপুর থানাধীন পশ্চিম শৈলডুবি এলাকায় অবস্থিত 'সুপ্রিম গার্মেন্টস'-এর কার্টন ও সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তীব্রতা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একের পর এক ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে পোশাক কারখানাটির ওই গোডাউনে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কারখানার সুতা ও কার্টন রাখার গোডাউনে আকস্মিক আগুন দেখতে পান কর্মচারীরা। সেখানে বিপূল পরিমাণ কার্টন, সুতা, তুলা ও অন্যান্য দাহ্য সামগ্রী প্রকাণ্ড আকারে মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা ও বিষাক্ত ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়লে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পাওয়ার পরপরই প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতা ও দাহ্য পদার্থের উপস্থিতির কারণে পরিস্থিতি জটিল রূপ ধারণ করলে একে একে আরও ইউনিট ঘটনাস্থলে যুক্ত করা হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলস কাজ করে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে, যাতে আগুন গুদাম থেকে কোনোভাবে পোশাক কারখানার মূল উৎপাদন প্ল্যান্ট (Main Plant) এবং আশপাশের জনবহুল ও বাণিজ্যিক অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়তে না পারে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ, সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।