কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ১৭ জন গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ণ
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ১৭ জন গ্রেপ্তার
কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল

হাবিবুর রহমান মুন্না, কুমিল্লা: কুমিল্লা নগরীতে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করার চাঞ্চল্যকর ঘটনায় মিছিলে নেতৃত্বদানকারী মূলহোতা কাইয়ুমসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে পবিত্র জুমার নামাজের খুতবা চলাকালীন সময়ে কুমিল্লা নগরীর সংবেদনশীল নুরপুর-তেলিকোনা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী হঠাৎ একত্রিত হয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। পুলিশ প্রশাসনকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে অত্যন্ত দ্রুততার সঙ্গে পরিচালিত এই মিছিলটি মাত্র ৩০ সেকেন্ড থেকে এক মিনিট স্থায়ী হয়েছিল।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী চরম তৎপরতা শুরু করে। পুলিশি নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে ওই এলাকার বিভিন্ন ক্লোজসার্কিট (CCTV) ক্যামেরা এবং মুঠোফোনে ধারণকৃত ভিডিও ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। ফুটেজ বিশ্লেষণ করে ঝটিকা মিছিলে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করে পুলিশ।

এরপর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ যৌথ টিম ধারাবাহিক অভিযান পরিচালনা করে। অভিযানে মিছিলে সরাসরি নেতৃত্বদানকারী কাইয়ুমসহ সক্রিয় অংশগ্রহণকারী আজিজুর রহমান নীরব, হাসিব, জামিল ইসলামসহ মোট ১৭ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত প্রধান অভিযুক্ত কাইয়ুম কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

অভিযানের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান গণমাধ্যমকে জানান, “নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের পন্থী বা নাশকতাকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ভিডিও ফুটেজ দেখে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এই ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঝটিকা মিছিলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণকারী বাকী আসামিদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে।”