গুলশান কার্যালয়ের মালিক এখন সরকারের পূর্ণ মন্ত্রী: কে এই জাকারিয়া তাহের?

গুলশান কার্যালয়ের মালিক এখন সরকারের পূর্ণ মন্ত্রী: কে এই জাকারিয়া তাহের?

রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের কার্যালয়টি গত দেড় দশকের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। ২০০৮ সাল থেকে দলটির নীতিনির্ধারণী কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হওয়া এই বাড়িটি রাজনৈতিক নানা চড়াই-উতরাইয়ের সাক্ষী।

 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সময় এখানে কার্যত অবরুদ্ধ থাকা এবং বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির মতো আলোচিত ঘটনাগুলো এই আঙিনাতেই ঘটেছে।

দীর্ঘদিন ধরে বাড়িটি বিএনপির নিজস্ব সম্পত্তি হিসেবে মনে করা হলেও প্রকৃতপক্ষে এর মালিক বর্তমান মন্ত্রিসভার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। ২০০৮ সালের চরম রাজনৈতিক প্রতিকূলতার সময় তিনি বাড়িটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য প্রদান করেছিলেন এবং পরবর্তীতেও তা অব্যাহত রাখেন।

কুমিল্লা-৮ আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের এবারের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর তুলনায় প্রায় চারগুণ বেশি ভোট পেয়ে জয়ী হন। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকা, যা তাকে নতুন মন্ত্রিসভার শীর্ষ ধনীদের একজন হিসেবে তুলে ধরেছে।

১৯৬৫ সালে কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ী গ্রামে জন্মগ্রহণ করেন জাকারিয়া তাহের। যুক্তরাষ্ট্র থেকে বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি ডিগ্রি অর্জন করা এই রাজনীতিকের বাবা এ কে এম আবু তাহের ছিলেন কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য হন জাকারিয়া তাহের। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং দলের জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি ন্যাশনাল ব্যাংকের পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন