ছাত্রশিবিরের ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ছাত্রশিবিরের ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে এই কমিটি গঠন করা হয়।

এবারের কমিটিতে ডাকসুর ভিপি সাদিক কায়েম আন্তর্জাতিক সম্পাদক এবং জিএস এস এম ফরহাদ কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সেক্রেটারিয়েটের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক আনিসুর রহমান এবং শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম। এছাড়াও তথ্যপ্রযুক্তি, মানবাধিকার, আইন ও দাওয়াহসহ বিভিন্ন বিভাগে মোট ৩১ জন নেতাকে কেন্দ্রীয় সেক্রেটারিয়েটে দায়িত্ব দেওয়া হয়েছে।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৪৭ জন এবং সভাপতির মনোনয়নে আরও ১৫ জনসহ মোট ৬২ সদস্যের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, "কার্যকরী পরিষদ সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নের সর্বোচ্চ কাঠামো। আগামী দিনের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় জনশক্তিকে দেশ ও জাতির কল্যাণে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এই পরিষদকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" দিনব্যাপী এই অধিবেশনে ২০২৬ সেশনের বার্ষিক পরিকল্পনা অনুমোদন এবং অঞ্চল পরিচালক নির্ধারণ করা হয়।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন