অর্থ ও পেশি শক্তির নির্বাচন না চাইলেও এখন মাদক ও সন্ত্রাস সবই ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘যারা মাদকসম্রাট আছেন তাদেরকে বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে।’
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মতিঝিল ও দৈনিক বাংলা মোড় এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
এসময় নিজেদের দলে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকাসক্তদের কোনো স্থান নেই দাবি করে আগামী নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আশা করি বাংলাদেশে সব জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। হকার্স সমিতির সঙ্গে জড়িত হকার্সদের পাশে থাকবো।’
তিনি অভিযোগ করেন, ‘অর্থ ও পেশি শক্তির নির্বাচন না চাইলেও এখন মাদক ও সন্ত্রাস সবই ঢুকে গেছে। যারা মাদকসম্রাট আছেন তাদেরকে বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে।’
একইসঙ্গে নির্বাচনের পরও ১১ দলীয় জোটের ঐক্য অটুট রাখার এবং ভবিষ্যতে এই জোটকে আরও বড় করার প্রত্যয় ব্যক্ত করেন এই প্রার্থী।
তিনি বলেন, ‘আশাবাদী যে ১১ দলীয় জোট সরকার গঠন করবে। কারণ আমরা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের সঙ্গে নেই, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আমাদের কেউ নির্বাচন বানচাল করবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছি।’
ঢাবি ক্যাম্পাসে মাদকসহ সেগুনবাগিচা বিএনপি কর্মীর ব্যাপারে নাসীর বলেন, ‘যে জায়গায় সমস্যা সে জায়গায় বিএনপির লোক।’
আই.এ/সকালবেলা