ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম নতুন সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি শপথ গ্রহণ করেন।
এর আগে সকালেই শরীফুল আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক ওয়ালে ‘আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী’ লিখে একটি পোস্ট দিলে নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে এটিই তাঁর প্রথম মন্ত্রিসভায় স্থান পাওয়া।
কিশোরগঞ্জ-৬ আসনটি দেশের রাজনীতিতে একটি ‘ভিআইপি’ আসন হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে এই আসনটি সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান (৬ বার) এবং তাঁর পুত্র নাজমুল হাসান পাপনের (৪ বার) দখলে ছিল। শরীফুল আলম গত ১৫ বছরে একাধিকবার তাঁদের বিরুদ্ধে নির্বাচন করে পরাজিত হলেও মাঠ ছাড়েননি। অবশেষে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি প্রায় দেড় লাখ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের আতাউল্লাহ আমিন (খেলাফত মজলিস) পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।
দলের দুর্দিনে গত ১৫ বছর ধরে অসংখ্য জেল-জুলুম ও অত্যাচার সহ্য করেও ভৈরব-কুলিয়ারচরের নেতাকর্মীদের আগলে রেখেছেন শরীফুল আলম। স্থানীয়রা মনে করছেন, তাঁর এই দীর্ঘ ত্যাগ এবং রেকর্ড ভোটে বিজয়ের পুরস্কার হিসেবেই তারেক রহমান তাঁকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ