ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন নামঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (২ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
আদালত একইসঙ্গে আসামির শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য আগামী ৩০ মার্চের মধ্যে স্বাস্থ্য প্রতিবেদন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সুব্রত কুমার দাবি করেন, তার মক্কেল লিভার সিরোসিসে আক্রান্ত এবং উন্নত চিকিৎসার জন্য তার জামিন প্রয়োজন। তিনি উল্লেখ করেন, একই রোগে ইতিপূর্বে আসামির দুই ভাই মারা গেছেন। তবে ট্রাইব্যুনাল প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট না পৌঁছানোয় এবং অভিযোগের গুরুত্ব বিবেচনায় আজ জামিন আবেদন নাকচ করে দেন।
উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী ২০২৪ সালের আগস্টে ঢাকা থেকে গ্রেপ্তার হন। গত ১১ জানুয়ারি তিনি গুরুতর অসুস্থতার কারণে শর্তসাপেক্ষে প্রথমবার জামিন পেলেও অন্য মামলায় গ্রেপ্তার থাকায় কারাগার থেকে মুক্তি পাননি। গত ৪ আগস্ট লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গুলিতে শিক্ষার্থী আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেলসহ পাঁচজন নিহত হন।
মামলার অন্য দুই আসামি লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলমকেও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালত আগামী ৩০ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ