ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নে চলন্ত বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসিকভাবে একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ছোট রায়পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে, যা পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দুর্বৃত্তরা ৩৭ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটি খুঁটি থেকে নামিয়ে ভেতরের মূল্যবান তামা ও যন্ত্রাংশ নিয়ে চম্পট দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ছোট রায়পাড়া গ্রামের উদ্যোক্তা লোকমান হোসেন মোল্লা তার কাঠের ভুষি তৈরির কারখানার জন্য সরকারি কোষাগারে প্রায় ৫ লাখ টাকা জমা দিয়ে এই ট্রান্সফরমারটি স্থাপন করেছিলেন। সরেজমিনে দেখা গেছে, সচল বিদ্যুৎ লাইন থাকা অবস্থাতেই চোরচক্রটি খুঁটি থেকে ট্রান্সফরমারটি নামিয়ে যান্ত্রিক কৌশলে তামা ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম নিয়ে যায়। কাজ শেষে তারা ট্রান্সফরমারের খালি বডিটি ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যায়।
এলাকাবাসীর মতে, সচল লাইনে এ ধরনের চুরি কেবল দুঃসাহসিকই নয়, বরং অত্যন্ত প্রাণঘাতী ও ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের বিস্ফোরণ কিংবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির আশঙ্কা ছিল। এমন ঘটনায় স্থানীয় জনমনে গভীর উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিল্প উদ্যোক্তারা তাদের কোটি টাকার বিনিয়োগ ও যন্ত্রপাতির নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।
ভুক্তভোগী লোকমান হোসেন জানান, চুরির ফলে তার কারখানার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ