ভোটে হেরে কবির কলমে ‘অভিমানী জল’: আলোচনায় মাসুদ অরুণ

ভোটে হেরে কবির কলমে ‘অভিমানী জল’: আলোচনায় মাসুদ অরুণ

মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নির্বাচনের ময়দানে হার-জিত থাকবেই। সচরাচর পরাজিত প্রার্থীদের মুখে কারচুপি বা নানা অভিযোগের খই ফুটলেও মেহেরপুর-১ আসনের চিত্রটি একেবারেই ভিন্ন। সেখানে পরাজয়ের গ্লানিকে রাজনৈতিক কাদা-ছোড়াছুড়িতে না মিশিয়ে কাব্যের ছন্দে প্রকাশ করেছেন বিএনপি প্রার্থী ও তুখোড় কবি মাসুদ অরুণ। জামায়াত প্রার্থী তাজ উদ্দিন খানের কাছে পরাজিত হওয়ার পর মাসুদ অরুণ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে মনের কষ্ট প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে। তিনি লিখেছেন, “নয়ন তারা/ আমার বুক জুড়ে শ্রাবণের জল/ অভিমানী জল এত লাল কেন?”

পুরোদস্তুর রাজনীতিবিদ হলেও মাসুদ অরুণের সত্তাজুড়ে রয়েছে কবিত্ব। তাই রাজনৈতিক জীবনের এই সাময়িক ব্যর্থতা থেকে সৃষ্ট দুঃখবোধকে তিনি নিপুণভাবে রূপান্তর করেছেন কবিতায়। ৯০ দশকের এই কবির লেখনিতে গভীর জীবনদর্শন, মানবীয় আবেগ এবং সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা বারবার উঠে এসেছে। বিশেষ করে জুলাই আন্দোলন নিয়ে তাঁর রচিত কবিতাগুলো দেশজুড়ে ব্যপক আলোড়ন তৈরি করেছিল। উল্লেখ্য, মাসুদ অরুণ ২০০১ সালে মেহেরপুর-১ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ সময় পর এবারও দল থেকে মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পাননি তিনি। তবে তাঁর এই শৈল্পিক প্রতিক্রিয়া মেহেরপুরসহ সারা দেশের নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। সমর্থকরা বলছেন, পরাজয় মেনে নেওয়ার এমন নান্দনিক ভঙ্গি রাজনীতিতে বিরল।

এম.আই/সকালবেলা

মন্তব্য করুন