ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সংসদের সম্ভাব্য বিরোধীদলীয় কাঠামো। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংসদের বিরোধীদলীয় নেতা হতে যাচ্ছেন বলে দলীয় নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
সংসদে বিরোধীদলীয় উপনেতা হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। জামায়াত ও ১১-দলীয় ঐক্যের মধ্যকার চূড়ান্ত বৈঠকের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ ও হুইপ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
সূত্রমতে, ১১-দলীয় জোটের শরিকদের মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিরোধীদলের হুইপ হতে পারেন। এছাড়া চট্টগ্রামের শাহজাহান চৌধুরী এবং সাতক্ষীরার গাজী নজরুল ইসলামকে সংসদের সম্মানজনক কোনো পদে দেখা যেতে পারে।
বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার মনোনীত হওয়ার কথা রয়েছে। এই পদের জন্য আলোচনায় আছেন সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং আয়নাঘর থেকে ফেরত আসা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান। তবে দলীয় উচ্চপর্যায়ে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সম্ভাবনা বেশি বলে গুঞ্জন রয়েছে।
এ বিষয়ে জামায়াত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম বলেন, “সংসদের পদগুলো নিয়ে দলে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ১১-দলীয় জোটের ঐক্য বজায় রাখার স্বার্থে শরিক দলগুলোর জন্য প্রয়োজনীয় ছাড় দেওয়া হবে।”
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ