ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, এই বিজয় অন্যায়, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির বিরুদ্ধে ন্যায় এবং ইনসাফের বিজয়। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি তাঁর আগামীর পরিকল্পনা ও নির্বাচনী জয়ের পরবর্তী প্রতিক্রিয়া তুলে ধরেন।
বিএনপির হেভিওয়েট প্রার্থী নবীউল্লাহ নবীকে পরাজিত করে নির্বাচিত হওয়া কামাল হোসেন জানান, ভোটাররা বিশেষ করে তরুণ প্রজন্ম বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যাশায় তাঁকে বেছে নিয়েছে। তাঁর সাক্ষাৎকারের মূল অংশগুলো নিচে তুলে ধরা হলো:
জনগণের প্রত্যাশা ও চ্যালেঞ্জ কামাল হোসেন বলেন, “জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি কোনো বিশেষ দলের এমপি নই, আমি সব মানুষের এমপি। যাত্রাবাড়ী-ডেমরা এলাকার অবহেলিত মানুষদের সেবা করাই আমার লক্ষ্য।”
অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স এলাকায় চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, “এসব অন্যায়ের বিরুদ্ধে আমার অবস্থান হবে জিরো টলারেন্স। এখানে কোনো আপস নেই। জনগণ আমাকে রায় দিয়েছে কারণ তারা শান্তিময় পরিবেশ চায়।”
প্রতিপক্ষ ও রাজনৈতিক সহাবস্থান নির্বাচন পরবর্তী প্রতিহিংসা পরিহারের ওপর জোর দিয়ে তিনি জানান, বিজয়ী হওয়ার পর তিনি বিএনপির নির্বাচনী ক্যাম্পে গিয়েও শুভেচ্ছা বিনিময় করেছেন। পরাজিত প্রার্থী নবীউল্লাহ নবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন এবং তাঁর অসুস্থতার কথা শুনে দ্রুতই দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
উন্নয়ন পরিকল্পনা ও অগ্রাধিকার সংসদে তাঁর ভূমিকা এবং এলাকার উন্নয়ন নিয়ে তিনি বলেন, “জলাবদ্ধতা নিরসন হবে আমার প্রথম অগ্রাধিকার। এছাড়া ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে হাজীনগর এলাকার ব্রিজ সংস্কার, খাল খনন এবং রাস্তাঘাটের উন্নয়নে ওয়ার্ডভিত্তিক ন্যায্য বাজেট নিশ্চিত করা হবে।”
তিনি আরও যোগ করেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনদুর্ভোগ লাঘবে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। দল-মত নির্বিশেষে সবার জন্য ইনসাফভিত্তিক সেবা নিশ্চিত করাই তাঁর মূল অঙ্গীকার।
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ