বিকেলে রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ

বিকেলে রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ

নির্বাচন-পরবর্তী দেশজুড়ে সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে আজ সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ১১ দলীয় জোট। বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটছে। নির্বাচন-পরবর্তী দুই দিনে দেশের ৩০ জেলায় সহিংস ঘটনায় শিশুসহ তিনজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছে।

নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোট ২১২টি এবং জামায়াত জোট ৭৭টি আসন পেয়েছে। দলভিত্তিক হিসেবে—বিএনপি ২০৯টি, জামায়াত ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং অন্যান্য দল একটি করে আসনে জয়লাভ করেছে। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।

নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। এর মধ্যে বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং জামায়াত ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। গণভোটে ভোটের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন