চরমোনাই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ঢাকা-৫ আসনের 'হাতপাখা'র প্রার্থী

চরমোনাই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ঢাকা-৫ আসনের 'হাতপাখা'র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী মো. ইব্রাহীম দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে মো. ইব্রাহীম উল্লেখ করেন, “আপাতত (দলটি রাজনৈতিক বৈশিষ্ট্য অর্জন করা পর্যন্ত) ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিলাম।” তিনি মনে করেন, ঢাকা-৫ আসনের জনগণ কোনো ভুল করেননি, বরং দলীয়ভাবে করা একটি রাজনৈতিক ভুলের জবাবই তারা ব্যালটের মাধ্যমে দিয়েছেন। কোনো অভিযোগ ছাড়াই তিনি জনগণের এই সিদ্ধান্তকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছেন।

 নির্বাচনের ফলাফল অনুযায়ী, মো. ইব্রাহীম পেয়েছেন ১৪ হাজার ২০৬ ভোট। এই আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন (৯৬,৬৪১ ভোট) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নবী উল্লা নবী (৮৭,৪৯১ ভোট)। পরাজয়ের পর মো. ইব্রাহীম নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনকে অভিনন্দন জানিয়েছেন।

তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “ইসলামী আন্দোলনের তৃণমূল নেতাকর্মীরা নিঃস্বার্থভাবে পরিশ্রম করেছেন। এই ত্যাগের প্রতিদান আল্লাহ দেবেন। কাজ অনুযায়ীই ফল এসেছে, তাই এ নিয়ে আমার কোনো দুঃখ বা আক্ষেপ নেই।”

দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা এই সংগঠনের প্রতি তাঁর এখনো শ্রদ্ধা রয়েছে বলে জানান। তিনি বলেন, স্পষ্ট রূপরেখা ও লক্ষ্য নির্ধারণ করা হলে তিনি প্রয়োজনে ৩০০ টাকার স্টাম্পে নিজের জীবন ও সম্পদ সংগঠনের নামে লিখে দিতে প্রস্তুত। তবে একটি সুনির্দিষ্ট ও স্পষ্ট পরিকল্পনা ছাড়া আর এক দিনও এগোনো সম্ভব নয় বলে তিনি তাঁর পোস্টে মন্তব্য করেন।

উল্লেখ্য, মো. ইব্রাহীম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর। জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় পর্যায়ে তাঁর বিশেষ সুনাম রয়েছে।

সকালবেলা

মন্তব্য করুন