কোনো দেশের সঙ্গে দাসত্ব নয়, সম্পর্ক হবে বন্ধুত্বের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ণ
কোনো দেশের সঙ্গে দাসত্ব নয়, সম্পর্ক হবে বন্ধুত্বের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: ভারতসহ বিশ্বের কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দাসত্বের নয়, বরং তা সমমর্যাদা ও বন্ধুত্বের হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষা ও শর্তসমূহ পূরণে ভারত আন্তরিক হলে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে কোনো আপত্তি নেই।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য অভিযুক্ত নেতাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় ভারতকে সহযোগিতার হাত বাড়াতে হবে। একই সাথে বাংলাদেশের দেওয়া অন্যান্য শর্তাবলীতে ইতিবাচক সাড়া দিলে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। ভারতের ইতিবাচক সাড়ার ওপর ভিত্তি করেই প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফর করতে পারেন বলে তিনি জানান।

তিনি আরও জোর দিয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বাধীন ও সার্বভৌম। কোনো রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া বা দাসত্বের সম্পর্কের যুগ শেষ। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে।

ওসমানীনগরের গোয়ালাবাজার ও তাজপুর বাজারকে পৌরসভায় উন্নীতকরণসহ স্থানীয় উন্নয়ন কার্যক্রম নিয়ে তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়নে কোনো দল বা ব্যক্তি ভেদাভেদ রাখা যাবে না। সকলের সহযোগিতায় ওসমানীনগরকে আধুনিক উপজেলায় রূপান্তর করা হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন